গাজীপুর শ্রীপুরের ধলাদিয়া সাইনবোর্ড এলাকায় গ্লোব গ্লোভস্ ম্যানুফ্যাকচার বাংলাদেশ লিমিটেড নামক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন।

তিনি জানান, বিকেল চারটার দিকে গ্লোব গ্লোভস্ ম্যানুফ্যাকচার বাংলাদেশ লিমিটেড নামক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস, শ্রীপুর ফায়ার সার্ভিস ও রাজেন্দ্রপুর চৌরাস্তাসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট এসে কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট যুক্ত হয় বলে জানান তিনি। পরে রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন নির্বাপণের কাজ চলছে।

তিনি জানান, কারখানার তিন তলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে।পরে আগুনে নিচ তলা ও তিন তলায় ছড়িয়ে পরে। তবে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেগ পেতে হয়।