চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেয়া ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টা দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা জানান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বের হওয়া পূর্বঘোষিত পদযাত্রাটি শাহবাগ এলাকায় পৌঁছালে তাতে বাধা দেয় পুলিশ। শিক্ষকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে লাঠিচার্জের পাশাপাশি কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, তারা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে জাদুঘরের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়। কিন্তু তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। পরে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে অবস্থান নিয়েছেন।










