নভেল করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় আউশ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঝালকাঠিতে আট হাজার কৃষককে বীজ ও সার দেয়া হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে দুই দফায় কৃষকদের মাঝে এ বীজ ও সার দেয়া হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট ১৫ হাজার ২০৫ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৪০ হেক্টরে উফশী, ২ হাজার ১৫৫ হেক্টরে স্থানীয় জাত ও ১০ হেক্টরে হাইব্রিড ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
আউশ আবাদের লক্ষ্যমাত্রা পূরণ ও করোনার প্রভাব মোকাবেলার উদ্দেশ্যে প্রথম দফায় পাঁচ হাজার ও দ্বিতীয় দফায় তিন হাজার কৃষককে বীজ ও সার দেয়া হয়েছে। প্রত্যেক কৃষক পাঁচ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। এতে কৃষকরা আউশ আবাদে উৎসাহী হবেন বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক বলেন, কৃষকদের আউশ আবাদে আগ্রহী করে তোলা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই প্রণোদনা হিসেবে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।










