এলপিজির নিরাপত্তায় আরো কাজ করতে হবে জানিয়ে পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোর্কো অ্যান্টোনিও রড্রিগেজ ডি অলিভেইরা বলেছেন, শুধু আধুনিক যন্ত্রপাতি বা ফিলিং প্ল্যান্ট তৈরি করলেই চলবে না। এগুলোর উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক পলিসি কনক্লেভে এসব বলেন তিনি। 'বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা' শীর্ষক এ কনক্লেভের আয়োজন করেছে দৈনিক বণিক বার্তা।
ডি অলিভেইরা বলেন, আমি জানি কিছু প্রতিযোগীর প্ল্যান্টে খুব ভালো নতুন যন্ত্রপাতি রয়েছে—কিন্তু প্রক্রিয়াটি কেমন? আমরা কিভাবে প্রক্রিয়া পরিচালনা করি—অপারেশন প্রক্রিয়া, লজিস্টিকস প্রক্রিয়া, আমাদের চালক—এই দাহ্য গ্যাস বহন করা ড্রাইভার—তাদের কি প্রশিক্ষণ আছে? তারা কিভাবে আমাদের সিলিন্ডার লোড ও আনলোড করে? তারা কিভাবে কাজ করে এসব নিয়েও কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমি মনে করি, আমরা প্রতিযোগীরা মিলে একটি কমিটি গঠন করতে পারি। যেখানে ফিলিং প্ল্যান্টের ভেতরে ও বাইরে কী ধরনের মানদণ্ড থাকা উচিত তা নিয়ে কাজ করতে পারি। ডিলার, খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে সবার মধ্যে পেশাদারত্ব আনার আহ্বানও জানিয়েছেন তিনি।










