নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক এবং হাসপাতালে নেয়ার পরে ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বরে) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের কদিমচিলান মোড় এলাকায় খুলনা থেকে বনপাড়াগামী একটি ট্রাক চার্জার ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আলপু হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালক মোস্তাকিম হোসেনকে (২৪) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।










