কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক আব্দুর রহমান (৪৪) মারা গেছেন। বুধবার (৩১ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গত ২০ জুলাই নরসিংদী সদর এলাকায় দুপুরে গুলিবিদ্ধ হন আব্দুর রহমান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

নিহতের শ্যালক আবুল বাশার জানান, আব্দুর রহমান ওইদিন দুপুর আড়াইটার দিকে বাজারে যান। বাজার শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি গুলি এসে তার শরীরে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় নরসিংদী সদর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহত আব্দুর রহমান নরসিংদী সদরের দক্ষিণ চৌগাছা গ্রামের কাজী মোহাম্মদ আমির উদ্দিন মিয়ার ছেলে।