ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে ইংল্যান্ড। শেষ ষোলোয় জার্মানিকে হারিয়ে দেয়া ইংলিশরা আজ মুখোমুখি হবে ইউক্রেনের। শেষ ষোলোয় ইউক্রেন হারায় সুইডেনকে। কোয়ার্টার ফাইনালে আজ আরেক ম্যাচে মুখোমুখি হবে জায়ান্ট কিলার চেক রিপাবলিক ও ডেনমার্ক। চেকরা ২-০ গোলে হেভিওয়েট নেদারল্যান্ডসকে ও ডেনমার্ক ৪-০ গোলে ওয়েলসকে হারিয়ে শেষ আটে এসেছে।
বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের হেভিওয়েট জার্মানিকে হারিয়ে আলোচনায় এখন ইংল্যান্ড। শেষ ষোলোয় চিরায়ত ‘জার্মান যন্ত্র’কে অচল, অসার করে দিয়ে ইংলিশরা ২-০ গোলের জয় তুলে নেয়। ওই ম্যাচে গোল করেন রহিম স্টার্লিং আর হ্যারি কেন। এ জয়ে ফুটবল বোদ্ধাদের প্রশংসা কুড়াচ্ছে গ্যারেথ সাউথগেটের দল। যদিও তারা বলছেন, ফাইনালে উঠতে সমর্থ হলে ইংল্যান্ড দলটি সত্যিকারের প্রশংসার দাবিদার হবে।
আজ চেক রিপাবলিক ও ডেনমার্কের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায় আর ইংল্যান্ড-ইউক্রেন দ্বৈরথটা রাত ১টায় শুরু হবে।










