বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির মামলায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার থানচির টিঅ্যান্ডটি পাড়া থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িচালক মো. কফিল উদ্দিন সাগর ও রেইচা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে বান্দরবান এসপি অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ এপিল দুপুর সাড়ে ১২টার দিকে থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে ২৫-৩০ জন অস্ত্রধারী অতর্কিত হামলা করে। এ সময় অস্ত্রের মুখে উপস্থিত লোকদের জিম্মি করে সোনালী ব্যাংক থেকে ১৫-২০ লাখ টাকা ও কৃষি ব্যাংক থেকে ৩ লাখ টাকা লুট করে। একই সঙ্গে ব্যাংকের চাকরিজীবী ও উপস্থিত লোকজনদের কাছ থেকে ১০-১৫টি সেলফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানচি থানায় মামলা হয়।