স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) যশোর অঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পাওনা ৫০ কোটি টাকার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন যশোরের ঠিকাদার সমিতির সদস্যরা। গতকাল দুপুরে এলজিইডি যশোর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় ১৫ দিনের মধ্যে পাওনা টাকা পরিশোধ না করলে যশোরের সব ঠিকাদার তাদের কার্যক্রম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধনে শতাধিক ঠিকাদার অংশ নেন।

মানববন্ধনে এলজিইডি যশোর অঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালকের লাগামহীন অনিয়মের অভিযোগ তুলে ধরে বক্তারা বলেন, যশোরে সব অবকাঠামো উন্নয়নের কার্পেটিং কাজ সমাপ্ত হয়েছে। কিন্তু গত দুই বছরে প্রকল্পের বিপরীতে শতকরা ১০-২০ ভাগের বেশি বরাদ্দ পাননি তারা। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ টাকা প্রকল্প পরিচালক সঠিকভাবে অসম বণ্টন করেছেন। ফলে পাশের জেলা নড়াইল ও মাগুরার ঠিকাদাররা তাদের টাকা বুঝে পেলেও যশোরের ঠিকাদারদের ৫০ কোটি টাকা এখনো বকেয়া রয়েছে। এতে তাদের কাজ চলছে মন্থরগতিতে।

মানববন্ধন শেষে এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ঠিকাদার সমিতির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য আব্দুর রাজ্জাক, বিশ্বজিৎ ঘোষ, বাদল হোসেন প্রমুখ।

এ প্রসঙ্গে এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দের কিছু অংশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া হয়। এ কারণে এলজিইডি বিভাগে অর্থ সংকট দেখা দিয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদী।

১০ ইউপি চেয়ারম্যানের সম্পদ বিবরণী প্রকাশ : যশোরে ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোরের উদ্যোগে দুই দফায় ‘স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এ সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে ২০১৬ সালে নির্বাচনের সময় দাখিলকৃত হলফনামার সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে গত পাঁচ বছরের সম্পদ বিবরণী প্রকাশ করবেন চেয়ারম্যানরা। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে ঘৃণা করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব।

গতকাল যশোর শহরের একটি হোটেলে রাইটস যশোর আয়োজিত গণমাধ্যমে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশবিষয়ক সভায় পাঁচজন চেয়ারম্যানের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর বাঘারপাড়া উপজেলার ৫ ইউপি  চেয়ারম্যানের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। 

রাইটস যশোরের সভাপতি ডা. ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক মো. হুসাইন শওকত। বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন যশোরের উপপরিচালক নাজমুচ্ছায়াদাত, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুব আলম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, রাইটস যশোরের নির্বাহী কমিটির সদস্য ইয়াকুব আলী। স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম।