যশোর
শিক্ষা বোর্ডের অধীনে থাকা কলেজগুলোয় একাদশ শ্রেণীতে আসন রয়েছে ২ লাখ ১৯
হাজার ৯৭২টি। গত বৃহস্পতিবার ক্লাসও
শুরু হয়েছে। এবারই প্রথম একই সঙ্গে ভর্তি ও ক্লাস চলছে।
ভর্তি কার্যক্রম চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
তবে এবার বেশির ভাগ কলেজে আসন খালি থাকবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। ভর্তি কার্যক্রম শেষের পরও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলেজগুলোয়
৬৬ হাজার ১১৫টি আসন খালি থাকবে বলে জানিয়েছেন বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুণ্ডু।
জেলার কয়েকটি কলেজের অধ্যক্ষরা বলছেন, সরকারি মাইকেল মধুসূদনের মতো কলেজগুলোর আসন পূর্ণ হবে। এছাড়া শিক্ষার্থী সংকটে পড়বে শহর ও গ্রামের অনেক বেসরকারি কলেজ।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, প্রথম ধাপে একাদশ শ্রেণীতে ২৬ মে-১১ জুন, দ্বিতীয় ধাপে ৩০ জুন-২ জুলাই এবং তৃতীয় ধাপে ভর্তির আবেদনের সময় ছিল ১০ জুলাই পর্যন্ত। তিন ধাপে যশোর শিক্ষা বোর্ডের কলেজগুলোয় ২ লাখ ১৯ হাজার ৯৭২ আসনের বিপরীতে আবেদন পড়ে ১ লাখ ৭৬ হাজার ৯৪৯টি। আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজ ‘সিলেকশন’ পেয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৫৬ শিক্ষার্থী। এখনো খালি রয়েছে ৬৬ হাজার ১১৬টি আসন।
প্রথম ধাপে ১ লাখ ৪২ হাজার ৪৩২ আবেদনের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১ লাখ ২৫ হাজার ৭২৯ শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে আবেদন করে ২৩ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ২০ হাজার ৪৯০ জন। মানবিকে আবেদন পড়ে ১ লাখ ২ হাজার ৪০০টি। ভর্তির জন্য মনোনীত হয়েছে ৯২ হাজার ৫৬৩ শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষায় ১৬ হাজার ৪০ আবেদনের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ হাজার ৬৭৫ শিক্ষার্থী। গার্হস্থ্য বিজ্ঞানে দুটি আবেদন পড়লেও মনোনীত হয়েছে এক শিক্ষার্থী।
দ্বিতীয় ধাপে বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৪৬৯ আবেদনের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ২ হাজার ৭৩৯ শিক্ষার্থী। মানবিকে আবেদন পড়ে ১৭ হাজার ২৩৫টি। তাদের মধ্যে মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১৪ হাজার ৫৪৪ শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষায় ২ হাজার ৩৯৭ আবেদনের মধ্যে মনোনীত হয়েছে ১ হাজার ৭১২ শিক্ষার্থী।
তৃতীয় ধাপে বিজ্ঞান বিভাগে ১ হাজার ৩২২ আবেদনের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১৫৪ শিক্ষার্থী। মানবিকে ৮ হাজার ৩৩৪টি আবেদনের মধ্যে মনোনীত হয়েছে ৬ হাজার ৬৯০ শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষায় আবেদন করে ১ হাজার ৭৫৭ শিক্ষার্থী। তাদের মধ্য ভর্তির জন্য মনোনীত করা হয়েছে ১ হাজার ৩৮৮ শিক্ষার্থীকে।
এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুণ্ডু বণিক বার্তাকে বলেন, ‘শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাস করেছে ১ লাখ ৪৮ হাজার ৫৭৭ শিক্ষার্থী। মোট আসনের তুলনায় ৭১ হাজার ৩৯৫ শিক্ষার্থী কম পাস করেছে। আবার জেনারেলে পাস করে অনেক শিক্ষার্থী কারিগরিতে ভর্তি হয়েছে। এ কারণে একাদশে এত বেশিসংখ্যক আসন খালি থাকবে।’









