বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রচিত চারটি এবং তার প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো রচিত একটিসহ মোট পাঁচটি গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বইগুলোকে জাতি ও সমাজের ঐতিহাসিক সংগ্রাম ও পরিবর্তনের প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করেন এবং এ পাঠ প্রকাশনা উৎসবকে পণ্ডিত ব্যক্তিদের মহাসমাবেশ বলে অভিহিত করেন। বইগুলো হলো 'পূর্ব-বাংলার বাম ও কমিউনিস্ট আন্দোলন', 'দুঃসময়ের কথাচিত্র', 'আমার জীবন, আমার সংগ্রাম', 'বঙ্গভঙ্গ, তৎপরবর্তী সমাজ ও রাজনীতি' এবং উম্মে সালমা আলোর 'জয়নগরের আলো, এক নারীর সংগ্রাম ও জীবন'।
ড. মাহবুব উল্লাহ তার নিজের এবং প্রয়াত সহধর্মীনির লেখা বই প্রসঙ্গে বলেন, আমার এবং আমার সহধর্মিণীর লেখা বইগুলো সম্পর্কে যে সমৃদ্ধ আলোচনা আপনারা করেছেন, তার তুলনা হয় না। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আবেদন জানাই, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন এবং আমার সুস্থ জীবনের কামনা করবেন। আজ আমার ৮১তম জন্মদিন। জীবনের একটা দীর্ঘ পর্যায় পার হয়ে এসেছি। অনেক কিছু দেখেছি; বেঁচে থাকলে হয়তো আরও অনেক কিছুই দেখতে পাবো। আমার আকাঙ্ক্ষা, সেই দেখাটা যেন আনন্দের হয়, সুখের হয়।
তিনি আরো বলেন, এদেশের মানুষ সুদিন দেখার জন্য, ভালো সময় দেখার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক রক্ত দিয়েছে। বিভিন্ন শাসকের আমলে লড়াই করে, সংগ্রাম করে অনেক আত্মত্যাগ করেছে— শুধু একটা ভালো দিন দেখবার আশায়। সামনের দিনগুলোতে যাতে সব ধরনের অত্যাচার, অবিচার, মানুষের অমর্যাদা ইত্যাদি থেকে আমরা মুক্ত থাকতে পারি— সেটাই হোক আজকের আমাদের অঙ্গীকার।
অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ড. মাহবুব উল্লাহর বইগুলো ইতিহাসের একেকটি 'প্রামাণ্য দলিল'। আমরা সমবয়সী এবং একই সময়ে বেড়ে উঠেছি। এ কারণে তাকে খুব সহজেই রিলেট করতে পারি। ড. মাহবুব উল্লাহর জীবন সংগ্রাম কেবল তার একার নয়, এটি জনগণের সংগ্রাম। তার লেখা বইতে তিনি পরিষ্কার করে গেছেন, দুইশ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার সংগ্রাম - সেটা এখনো অধরা রয়ে গেছে।
ড. মাহবুব উল্লাহ ও উম্মে সালমা আলো দম্পতির কন্যা নায়লা তাহসিনা মাহবুব বলেন, আমার আম্মার লেখা বইটিতে তার জীবনের পেছনের ৬০ বছরের স্মৃতি ও অভিজ্ঞতার কথা লেখা আছে। আম্মা কখনো ভাবেননি, এটি একটি বই হবে। বইয়ের কথা চিন্তা করে তিনি লেখেননি। বরং স্বতঃস্ফূর্তভাবে জীবনের কথা লিখে গেছেন। আম্মা তার লেখায় অনেক মানুষের কথা বলেছেন, যাদের আপনারা অনেকেই চিনবেন। আম্মার লেখা বই পড়লেই বোঝা যায় যে সেখানে বিশেষ রকম লেখার প্রয়াস ছিল, যা তার ব্যক্তিগত শৈলীকে ফুটিয়ে তোলে। মায়ের মৃত্যুর পর বাবা এটিকে প্রকাশ করার উদ্যোগ নেন। এ বই প্রকাশের পেছনের সব পরিশ্রম, চেষ্টা এবং অবদান বাবার।
এ প্রকাশনা উৎসবকে পণ্ডিত ব্যক্তিদের মহাসমাবেশ হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি ব্যক্তিগতভাবে ড. মাহবুব উল্লাহর জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। কলেজ জীবন থেকেই আমাদের পরিচয় এবং পরবর্তীকালে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। ড. মাহবুব উল্লাহর জীবন সংগ্রাম সম্পর্কে বলতে গিয়ে তিনি তার সহধর্মিণী উম্মে সালমা আলোর লেখা জয়নগরের আলো বইটির প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, বইটি পড়লে বোঝা যাবে, কি ভয়াবহ সংগ্রামের মধ্যে দিয়ে এ নারী এবং মাহবুব উল্লাহ ভাই-এর জীবন কেটেছে। তাদের তিন কন্যাও এ সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন।
তিনি আরো বলেন, এ দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে, বৈষম্যবিরোধী অর্থনীতিতে পরিণত করতে, সাধারণ মানুষের কাছে তাদের অধিকারগুলো পৌঁছে দিতে, একটি গণতান্ত্রিক, আধিপত্যবাদ বিরোধী এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জাতিতে পরিণত করতে মাহবুব উল্লাহ অনবদ্য ভূমিকা রেখেছেন এবং সেই সংগ্রামে সামনের সারিতে থেকেছেন।
ড. মাহবুব উল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, মাহবুব ভাইয়ের লেখা বই আমি পাঠক ও সম্পাদক হিসেবে পড়ি। তিনি জানান, ড. মাহবুব উল্লাহ তার পত্রিকায় নিয়মিত লেখা দিয়ে ধন্য করেন। আমি নিজেও নিজেও তার লেখার একজন অনুরাগী পাঠক। ব্যক্তিগতভাবে তিনি ড. মাহবুব উল্লাহর সঙ্গে রাজনীতি নিয়েও আলোচনা করেন।
সাংবাদিক সোহরাব হাসান ড. মাহবুব উল্লাহর রাজনৈতিক উদারতা ও মানবিক গুণাবলীর প্রশংসা করেন। বলেন, যাদের মত-পথ তার সঙ্গে মিলে যায়, তাদের তিনি বন্ধু। আর যাদের সঙ্গে মেলে না, তাদেরও তিনি বন্ধু। সোহরাব হাসান মনে করেন, বাংলাদেশের বৈরী রাজনীতিতে এই যে ঔদার্য, যে মহানুভবতা, এটি মাহবুব উল্লাহর মতো মানুষই ধারণ করতে পারেন।










