জেলার কোটালীপাড়ায় আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শনিবার গভীর রাতে কোটালীপাড়ার ভাঙ্গারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুত্ফর রহমান জানান, শনিবার গভীর রাতে ভাঙ্গারহাট বাজারের একটি ইলেকট্রনিক দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে বাজারের ওষুধের দোকান, ফার্নিচার, সার, মুদি দোকানসহ মোট ১৬টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এসএম নজরুল ইসলাম জানান, ব্যবসায়ীরা দাবি করেছেন আগুনে তাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।









