নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় বশির ব্যাপারী (৩২) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সদর উপজেলার চর আলীরটেকের বাঁশের সাঁকো এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত বশিরের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার কান্দাপাড়া এলাকায়। তিনি মাছ বিক্রির পাশাপাশি ড্রেজার দিয়ে পুকুর খননের কাজও করতেন। মুক্তারপর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক লুত্ফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধলেশ্বরী নদীতে রাত ৯টার দিকে মরদেহ ভেসে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনের বরাতে পুলিশ পরিদর্শক আরো জানান, বশির তার বাড়ি থেকে তিন দিন আগে নিখোঁজ হন।  রাতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন।