মাঘের শেষে হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গাবাসী। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান।

তিনি জানান, গত চার দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ চুয়াডাঙ্গার বাতাসের আদ্রতা ছিল শতকরা ৬৭ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস,বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৭ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমছেনা শীত।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবারও জেলার তাপমাত্রা থাকবে নিম্নগামী। এছাড়া আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি এ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন স্থানীয় আবহাওয়াবদিরা।