তিনি বলেন, ‘একই সঙ্গে দেশের ডিজিটাল নীতি ও আইন সময়োপযোগীভাবে সংস্কার করা হচ্ছে। যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে জনগণের কল্যাণে কাজে লাগানো যায়। পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় কার্যকর শাসন ব্যবস্থা নিশ্চিত করা যায়।’
গতকাল চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি) ২০২৬-এর আয়োজনের অংশ হিসেবে বৈশ্বিক এআই গভর্ন্যান্স-বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা জোরদার, সরকারি খাতে এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন এবং দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কাজ করছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এআই-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিকেন্দ্রীভূত এআই সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’
ফকির মাহবুব আনাম বৈশ্বিক এআই শাসন ব্যবস্থার জন্য চারটি মৌলিক অগ্রাধিকার—নিরাপত্তা, সমতা, অভিযোজন সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, তথ্যের সার্বভৌমত্ব এবং ন্যায্য প্রযুক্তি প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে কাজ করতে হবে।’
সভায় বিভিন্ন দেশের সরকারপ্রধান, শতাধিক দেশের মন্ত্রী ও তাদের প্রতিনিধি দল, আন্তর্জাতিক সংস্থার প্রধান, শিল্প খাতের প্রতিনিধিসহ বিশিষ্ট শিক্ষাবিদরা অংশ নেন। এ সময় তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, এর সুশাসন এবং এ খাতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, চীনের সাংহাইয়ে চারদিনব্যাপী অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি) ২০২৬’ গত শুক্রবার শুরু হয়েছে। শেষ হতে যাচ্ছে আগামীকাল।










