গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে তাজবির হোসেন শিহান (২৬)। নিহত শিহান উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৫টা ১৫ মিনিটে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের মাথা থেকে ধারালো অস্ত্র নিয়ে তাকে ৫ জন যুবক ধাওয়া করে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে পাকড়াও করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, ধারালো অস্ত্র নিয়ে ৫ জন যুবক শিহানকে মৌচাক মাজার রোডের মাথা থেকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিমে হানিফ স্পিনিং এর গেটের সামনে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তখনই মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হলেও ভোর সাড়ে ৬ টায় মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে তারা মরদেহ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে ডাকে। এদিকে সকাল আটটার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও নিহতের মরদেহ হাইওয়ে পুলিশ উদ্ধার করবে না বলে জানালে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের মাঝে মরদেহ উদ্ধার নিয়ে তর্কাতর্কি লেগে যায়। পরে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।










