পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, রাষ্ট্রের কল্যাণে কারো সঙ্গে কোনো আপস করা হবে না। পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য আমরা নিরলস কাজ করে যেতে চাই।

ঢাকায় সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত কক্সবাজার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়-সংক্রান্ত সভায় সোমবার অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল এ তথ্য জানানো হয়।

কক্সবাজার জেলাকে একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের আওতায় আনার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে অপরাধ ও মাদকের বিরুদ্ধে “‍জিরো টলারেন্স” নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। শুধু ঢাকায় বসে ফাইল সই বা নির্দেশনা দেয়ার পক্ষে আমি নই; মাঠে সশরীরে উপস্থিত থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই।’

রোহিঙ্গা সংকট ও কক্সবাজারের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও টেকসই সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজারের সংসদ সদস্যদের সঙ্গে নিবিড় সমন্বয় করে কাজ করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নানের সঞ্চালনায় সভায় সীমান্ত অপরাধ, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, অপহরণ ও মানব পাচার রোধ, সারের পাচার রোধ ও সুষম বণ্টন নিশ্চিতকরণ, এবং সেন্ট মার্টিনে অবৈধ স্থাপনা বা রিসোর্ট নির্মাণ বন্ধে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়। জুম মিটিংয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পল্লী বিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।