বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন, সাংস্কৃতিক ও ক্ষুদ্র ব্যবসায় বিষয়ক মন্ত্রী ড. অ্যান অ্যালি। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন ও ইসি সচিব মো. আখতার আহমেদ অংশ নেন। অস্ট্রেলীয় মন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের প্রথম সহকারী সচিব সারা স্টোরে, মন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা এন্থনি লিউ, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও উপমিশনপ্রধান ক্লিনটন প্লোবকে।

বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। তিনি জানান, ‘আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি, তারা তাদের অভিজ্ঞতা বলেছেন। ভবিষ্যতে সহযোগিতার সুযোগ থাকলে তা জানানো হবে।’

সচিব স্পষ্ট করে বলেন, বৈঠকে কোনো রাজনৈতিক বিষয় বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি। এটি ছিল শুধুমাত্র তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক বৈঠক।

তিনি আরো জানান, বর্তমানে ইউএনডিপি স্পন্সরড ব্যালট প্রকল্পে অস্ট্রেলিয়া সহযোগিতা করছে। ভবিষ্যতে অতিরিক্ত সহযোগিতার সুযোগ থাকলে দেশটি তা বিবেচনা করবে।

বৈঠকে নির্বাচন প্রস্তুতি, প্রযুক্তির অপব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য মোকাবিলার বিষয়গুলোও উঠে আসে। এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘মন্ত্রী আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন, নিজ দেশের অভিজ্ঞতাও শেয়ার করেছেন। আমরা এআই ইন্টারভেনশন, ভুল তথ্য, ফেক নিউজ—এসব নিয়ে আলোচনা করেছি। তিনি বলেছেন, এসব সমস্যা তাদের দেশেও রয়েছে।’