দেশের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে কুষ্টিয়া, সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও ময়মনসিংহে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কুষ্টিয়া: জেলার মিরপুর ও ভেড়ামারায় ট্রাকচাপায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে ও বুধবার রাত সাড়ে ১০টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক রেহেনা খাতুন (৬০) নামে এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রেহেনা খাতুন মিরপুর উপজেলার আটমাইল এলাকার মন্টু সর্দারের স্ত্রী।
অন্যদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভেড়ামারার গোলাপনগরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় ফিরোজ আলম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। অন্য ট্রাকটি চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।
সুনামগঞ্জ: জেলার তাহিরপুরে সিমেন্টবোঝাই একটি লরির নিচে চাপা পড়ে চালক মিজানুর রহমান (২২) নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর গড়কাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার শিমুল বাগানসংলগ্ন মাহারাম নদীতে নির্মীয়মাণ সেতুর জন্য লরিতে সিমেন্ট নিয়ে যাচ্ছিলেন মিজানুর রহমান। পথে গড়কাটি এলাকায় যাদুকাটা নদীর পাড় থেকে মূল সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় লরির সামনের অংশ উল্টে চালকের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই চালক মিজানুর রহমান নিহত হন। তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ: মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় এক নসিমনচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নসিমনের দুই যাত্রী। গতকাল সকালে উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম জানা যায়নি। আহত দুই যাত্রীকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ: ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় রইজান খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার রাংচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রইজান খাতুন ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব ভালুকার মৃত মনু ব্যাপারীর মেয়ে। তিনি পৌর এলাকায় গৃহকর্মীর কাজ করতেন। সন্ধ্যায় পার হওয়ার সময় একটি মোটরসাইকেল রইজান খাতুনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।










