বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নদী পাড়ের হোয়াইট পিক রিসোর্টের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের নাম সোহান আল মাফি। তিনি ঢাকার মিরপুরের ইউসিবিএল চত্ত্বরের আবু হান্নান সরকারের ছেলে এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী।
রিসোর্ট কর্তৃপক্ষের মো. আজিম জানান, সকাল ৯টার দিকে বুকিং ছাড়াই দুই বন্ধু রিসোর্টে আসেন। তখন কক্ষ খালি না থাকায় তাদের অপেক্ষা করতে হয়। পরে একটি কক্ষ খালি হলে তাদের ভাড়া দেয়া হয়। তবে তারা রিসোর্টে অবস্থান না করে গাইড নিয়ে মিনঝিরি ঝর্ণা বেড়াতে যান। দুপুরে ফিরে এসে রুম ভাড়া দেন। পরে রিসোর্টকে না জানিয়ে বাইরে থাকা দুটি বয়া নিয়ে নদীতে নামেন। কিছুক্ষণ পর খবর আসে, সোহান নদীর স্রোতে তলিয়ে গেছে। সোহানের বন্ধু সাকিল আহম্মেদ বলেন, তার বন্ধু সাঁতার জানত না।
লামা ফায়ার সার্ভিসের দায়িত্বরত জিকসন বড়ুয়া জানিয়েছেন, সাব অফিসার মো. আব্দুল্লাহর নেতৃত্বে একটি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কাজে ঘটনাস্থলে গেছে। তবে লামা অফিসে কোনো ডুবুরী না থাকায়, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য চট্টগ্রাম বিভাগীয় অফিস থেকে ডুবুরী আনা হচ্ছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তির পরিবারকে খবর দেয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে।










