আগামী বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্ব আগামী বছরের ৮-১০ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
জাতীয় নির্বাচনের কারণে এ বছর বিশ্ব ইজতেমা হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাবলিগ জামাতের দুই পক্ষের একটির সঙ্গে (মাওলানা সাদপন্থী) আলোচনা হয়েছে। এর আগে বেশ কিছুদিন আগে জুবায়েরপন্থী হিসেবে যারা পরিচিত, তাদের সঙ্গেও কথা হয়েছে। তাদেরও বলেছিলাম, আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলব।’
তিনি বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের সংঘর্ষ যাতে না ঘটে, সেদিকে গুরুত্ব দেয়া হচ্ছে। এর আগে এ ধরনের ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। তাই পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুবায়েরপন্থীরা প্রথম ও দ্বিতীয় পর্বে ইজতেমা করতে চান। অন্যদিকে সাদপন্থীদের দাবি, রমজানের আগে এবং প্রস্তাবিত দুই পর্বের পরবর্তী সময়ে এক পর্বে ইজতেমা করা। অথবা নভেম্বরের শেষ দিকে প্রস্তাবিত এ দুই পর্ব শুরুর আগেই সাদপন্থীরা ইজতেমা করতে চান।’
সাদপন্থীদের অন্য কোথাও ইজতেমা করার প্রস্তাব দেয়া হয়েছিল জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকারও এ বিষয়ে সহযোগিতা করার কথা জানিয়েছিল। তবে মাওলানা সাদের অনুসারীরা এতে সম্মত হননি। দুই পক্ষকেই একসঙ্গে ইজতেমা করার আহ্বান জানানো হয়েছে।’
মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি ধর্ম মন্ত্রণালয় দেখবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসানীতি অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ মুহূর্তে এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। ভিসানীতি অনুযায়ী প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নেয়ার পর বিষয়টি বিবেচনা করা হবে।’










