মেহেরপুরের গাংনীতে দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় দিলরুবা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিলরুবা সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের সাজ্জাদ পণ্ডিতের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সাজ্জাদ পণ্ডিত ও তার স্ত্রী মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। ছাতিয়ান এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি দিলরুবাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দিলরুবার মরদেহ উদ্ধার করে। তার স্বামী সাজ্জাদ পণ্ডিত আহত হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।