হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ও বগুড়ার উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) মধ্যে সামাজিক ঋণবিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। গত মঙ্গলবার বগুড়ার একটি হোটেলে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এইচএসবিসির পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিসান শামসাদ ও টিএমএসএসের পক্ষে প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম চুক্তিতে স্বাক্ষর করেন। বিভিন্ন সামাজিক সমস্যা ও চ্যালেঞ্জ প্রশমিত করার জন্য সামাজিক ঋণ নীতিমালার আওতায় এইচএসবিসি বিশ্বব্যাপী এ ঋণ কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে প্রথমবারের মতো চুক্তিটি স্বাক্ষরিত হলো।
অনুষ্ঠানে এইচএসবিসি ব্যাংকের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, বিশ্বব্যাপী এইচএসবিসি সবুজ অর্থনীতি, সবুজ কর্মসংস্থান, সবুজ পরিবেশ রক্ষার লক্ষ্যে অর্থায়ন করে। আর টিএমএসএসের নামের সঙ্গে সবুজ যুক্ত। এইচএসবিসি ও টিএমএসএসের সামাজিক ঋণ কর্মসূচি শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণ ও সবুজ অর্থনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। এইচএসবিসির কান্ট্রি হেড কেভিন গ্রিন বলেন, টিএমএসএসকে পার্টনার হিসেবে পেয়ে আমরা গর্বিত।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শেখ মো. সেলিম বলেন, টিএমএসএস নারীদের শক্তিশালী করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, বিশ্বব্যাপী নন্দিত একটি ব্যাংকের পার্টনার হতে পেরে টিএমএসএস গর্বিত। এ পার্টনারশিপ বাংলাদেশের সামাজিক উন্নয়নে মাইলস্টোন হয়ে থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ ডা. মো. মতিউর রহমান, উপনির্বাহী পরিচালক-৩ সোহরাব আলী খান, টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ন্যাশনাল এগ্রো কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা হয়।










