স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ডিজির বাসায় অপরাধে অভিযুক্ত আলী হুসাইন শিশিরকে আশ্রয় দেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (১৮ জানুয়ারি) এসএসএফের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, এসএসএফের একজন মুখপাত্র বলেছেন, অপরাধে অভিযুক্তকে বাসায় আশ্রয় দেয়ার প্রশ্নই ওঠে না। আলী হুসাইন নিজেকে নরসিংদীর একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হিসেবে পরিচয় দিয়ে বৈধ চুক্তির মাধ্যমে ডিজির ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ১৮ জানুয়ারি ভোররাত ৩টা ৪৫ মিনিটে পুলিশ তাকে গ্রেফতার করতে এলে ডিজি তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, অভিযোগ করা পোস্টগুলো পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনো ধরনের তদন্ত ছাড়াই এসএসএফের ডিজি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। যা অত্যন্ত দায়িত্বহীন একটি কাজ।