চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে আলমগীর হোসেন (২২) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আলমগীর হোসেন একই গ্রামের কাতব আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন ১০ অক্টোবর বিকালে গ্রাম থেকে নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে তার বাবা ২১ অক্টোবর আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে পুকুর সেচার পর মাছ ধরার জন্য কচুরিপানা সরাতে গিয়ে প্যান্ট শার্ট পরিহিত গলিত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার, আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর বলেন, মরদেহটি একেবারেই গলে গেছে, ফলে চেনার উপায় নেই। খাদিমপুর গ্রামের কাতব আলী বিশ্বাস প্যান্ট শার্ট দেখে নিশ্চিত করেছেন এটি তার ছেলে আলমগীর হোসেনেরই মরদেহ। এরপরও আমরা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেব।










