কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা স্বামী মো. ইয়াছিনকে (২০) আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নয়াপাড়া নিবন্ধিত শিবিরের ডি ব্লকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
অভিযুক্ত মো. ইয়াছিন নয়াপাড়া নিবন্ধিত শিবিরের বাসিন্দা।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে সোমবার রাত আনুমানিক দুইটার দিকে নয়াপাড়া নিবন্ধিত শিবিরের ডি ব্লকস্থ আশ্রয় শিবিরে ঘুমন্ত স্ত্রী পারভিন আক্তারকে (১৮) শ্বাসরোধ করে হত্যা করে স্বামী। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শিবিরে দায়িত্বরত এপিবিএন সদস্যরা পারভীনকে উদ্ধার করে শিবিরের অভ্যন্তরের হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি হত্যার অভিযোগে তাৎক্ষণিক ওই রোহিঙ্গা স্বামীকে আটক করে এপিবিএন পুলিশ। এই বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম নেয়া হচ্ছে।










