সিলেটে চলতি রবি মৌসুমে সাড়ে ১১ হাজার হেক্টর অনাবাদি জমি আবাদের আওতায় আনা হয়েছে। এছাড়া রোপা আমন আবাদের পরিধি বেড়েছে। সিলেট জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলায় গত মৌসুমের চেয়ে তিন হাজার হেক্টরের অধিক জমিতে রোপা আমন আবাদ করায় ৮ হাজার ৫০০ টন চাল উৎপাদন বেড়েছে। যার বাজার মূল্য প্রায় ৫১ কোটি টাকা। এছাড়া রবি মৌসুমের শুরুতে জেলার ৪১ হাজার ৭৯৮ হেক্টর অনাবাদি জমির মধ্যে ১১ হাজার ৫০০ হেক্টর জমি আবাদের আওতায় আনা হয়েছে। যার মধ্যে প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯৫০ হেক্টর জমিতে সরিষা চাষের কার্যক্রম গ্রহণ করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে উপজেলা পরিষদের অর্থায়নে ১৭ লাখ টাকার সরিষার বীজ ক্রয় করে ১৩টি উপজেলার ৫ হাজার ৩৯১ জন পতিত জমির মালিকের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া কৃষি প্রণোদনা হিসেবে জেলার ২১ হাজার ৭০০ কৃষকের মধ্যে সরিষা বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। ফলে এ বছর আড়াই হাজার টন সরিষার উৎপাদন বৃদ্ধি পাবে, যার বাজার মূল্য ১৭ কোটি টাকা বলে জানানো হয়।
সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ মর্মে প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে সিলেট জেলায় অনাবাদি কৃষিজমি চাষের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়। যার জন্য এ সাফল্য এসেছে।









