করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪২৫টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ।
জানা গেছে, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মৃত্যুর এ ঘটনা ঘটে। আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তাদের দেওয়া তথ্যে জানা গেছে, মৃত ১৯ জনের মধ্যে ৮ জন করোনায় ও বাকি ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬ জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৭ জন এবং ভাইরাসটির উপসর্গ ছিল ৯ জনের মধ্যে।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা জানান, কোভিড ডেডিকেটেড হাসপাতালে মারা যাওয়া ১৬ জনের বাইরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও তিন জন মারা গেছেন। একই সময় ৪২৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১২৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হন।
বন্যা আরও জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৫৩ জন, সাটুরিয়ায় ২ জন, দৌলতপুরে ৪ জন, ঘিওরে ১৫, শিবালয়ে ১০ জন, হরিরামপুরে ৮ জন ও সিংগাইরে ৩২ জন রোগী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৬ জনে। সুস্থ হয়ে এদের মধ্য থেকে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৪০২ জন। বাকী রোগীরা জেলার বিভিন্ন হাসপাতালে ও নিজ নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, গত বছর ৮ মার্চ দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর সারা দেশে ভাইরাসটির প্রকোপ ছড়িয়ে পড়লে মানিকগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে।









