বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে প্রথমবারের
মত সাড়ে ৮ মিটার গভীরতার কন্টেইনারবাহী জাহাজ
নোঙর করেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি মায়েরক্স নুসানতারা
নামক জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজটিতে ৪৮৯ টিইউজ ( ৭ হাজার ৩৫৭
টন) পণ্য রয়েছে। এই পণ্য খালাস শেষে জাহাজটিতে ২৬৩ বক্স ৩৬৭ টিইউজ বোঝাই হবে বলে জানিয়েছেন
বন্দরের হারবার ও মেরিন বিভাগ।
এর আগে গত ২৫ জুন বিকালে প্রথমবারের
মত ‘৭৫০ টিইউজ কন্টেইনার’ নিয়ে মোংলা বন্দরে
ভিড়েছিল ৮ মিটার ড্রাফটের গিয়ারলেস জাহাজ ‘এমভি ফিলোটিমো’। নিয়মিত পশুর চ্যানেল ও জেটি
ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে ৮ মিটার ও সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে বলে
জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার
ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান বলেন, সিঙ্গাপুরের পতাকাবাহী ৮ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজটি মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর
করেছে।
তিনি আরো বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় পর থেকে মোংলা বন্দরের কার্যক্রম ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ বন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন পণ্য রফতানি শুরু হয়েছে। মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডলিং করা, পর্যাপ্ত ইয়ার্ড ও শেড সুবিধা, জেটি অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, কাট অফ টাইম এর নিয়ম অনুসরণ না করা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও পণ্যের নিরাপত্তা বৃদ্ধিসহ নানা সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুটোই সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহারে আরো বেশি আগ্রহী হচ্ছে।










