বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে খাদ্য উৎপাদনকারী একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল সকালে বিক্ষোভ মিছিলের একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। এছাড়া ঈদের ছুটি বাড়ানোর দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
শিল্প পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুড লিমিটেড কারখানায় ৬৫০ জন শ্রমিক কাজ করেন। চলতি মাসের ১৭ দিন পার হলেও তাদের ফেব্রুয়ারির বেতন ভাতা পরিশোধ করা হয়নি। ওই মাসের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উৎপাদন বন্ধ রেখে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিল্প-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান।
একই উপজেলার বানিয়ারচালা এলাকার জায়ান্ট টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি ১১ দিন এবং কারখানার মহাব্যবস্থাপক (জিএম) ওমর ফারুকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। পরে দুপুরে শ্রমিকরা কর্মস্থল ত্যাগ করেন।
গাজীপুর শিল্প-পুলিশের ইন্সপেক্টর মো. আব্দুল লতিফ খান বলেন, ‘ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফু-ওয়াং ফুড লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়কে অবরোধ করেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা বেতন পরিশোধের আশ্বাস দেন। এ আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।’
তিনি আরো জানান, জায়ান্ট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা কারখানার জিএমের পদত্যাগ ও ঈদের ছুটি ১১ দিনের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা দুপুরে কর্মস্থল ছেড়ে চলে যান।









