টাঙ্গাইলে বিড়ি শ্রমিকদের সমাবেশে পুলিশি হামলা ও লাঠিচার্জ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন শ্রমিকরা। আজ বুধবার সকাল ১০টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই শতাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি নূরতাজ মিয়া, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদস্য মাহমুদুল প্রমুখ।
টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি নূরতাজ মিয়া বলেন, আমরা প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ির উপর বৈষম্যমূলক কর প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন করছিলাম। কিন্তু পুলিশ মানববন্ধনে আমাদের উপর হামলা করেছে। নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। এছাড়াও পুলিশ আমাদের হয়রানি করছে। এনবিআরের চেয়ারম্যানের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সিরাজগঞ্জ থেকে ঢাকা ফেরার সংবাদ পেয়ে বিড়ি শ্রমিকরা প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর বৈষম্যমূলক কর কমাতে স্মারকলিপি দেয়ার জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে। কিন্তু পুলিশ এসে তাদের ওপর এলোপাতারি লঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।









