সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যদিকে বাকি অংশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ও এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।










