বগুড়ার আদমদীঘির সান্তাহারে অবৈধভাবে মজুদ করে রাখা ৪১৬ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার সান্দিড়া গ্রামের মত্স্যজীবীপাড়া থেকে এ সার জব্দ করা হয়। এ ঘটনায় সুমন ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুমন ওই গ্রামের কামরুজ্জামান টিপুর ছেলে। গতকাল দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মত্স্যজীবীপাড়ায় মেসার্স জুঁই ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন ইসলাম লাইসেন্স ছাড়াই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কীটনাশক ও রাসায়নিক সার মজুদ করে বিক্রি করে আসছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গুদাম থেকে অবৈধ মজুদ করা ৪১৬ বস্তা সার জব্দ করে। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন রাতেই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী বাদী হয়ে ব্যবসায়ী সুমন ইসলামের নামে মামলা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত সার থানায় নেয়া হয়েছে। ওই ব্যবসায়ীকে জেলহাজতে পাঠানো হয়েছে।