কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা। আজ রোববার (১২ জানুয়ারি) সকাল থেকেই তারা এ কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীদের অভিযোগ, কুষ্টিয়া জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের জায়গা দেয়া হয়েছে। এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছেন তারা।
কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মজুমদার বলেন, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে অংশ নিয়েছি। অথচ আন্দোলনে ভূমিকা না রাখা নেতাদের দিয়ে কমিটি করা হয়েছে। আমরা চাই, এই কমিটি বাতিল করে নতুন একটি কমিটি গঠন করা হোক।
তিনি আরো বলেন, আমরা এর আগেও কমিটি বাতিলের দাবিতে কর্মসূচি পালন করেছি। আমরা রাজধানীর শনিরআখড়াসহ বিভিন্ন এলাকায় আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। অথচ যারা সুবিধাভোগী, তাদের নিয়ে কমিটি করা হয়েছে।










