রাজধানী পল্টন থানার বিজয়নগরে পল্টন আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে শহিদুল ইসলাম (৬৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শহিদুল জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে বিজয়নগরের পল্টন আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, পরিবারে কাছে থেকে জানতে পেরেছি নিহত ব্যক্তি হার্টের রোগী ছিলেন, দুবার স্ট্রোক হয়েছিল। স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তবু মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের ভাগ্নে রাহাতুল ইসলাম শাকিল বলেন, আমার মামা জাতীয় পার্টির বাগেরহাট জেলা কমিটর সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনী কাজে গতকাল ঢাকায় এসে ওই আবাসিক হোটেলে ওঠেন তিনি। আজ খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার মামার মরদেহ দেখতে পাই।










