কানাডায় মানব পাচার ও জাল ভিসা প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে নগদ টাকাসহ গ্রেফতার করা হয়েছে। গাজীপুর ও টাঙ্গাইল থেকে তাদের গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপকমিশনার মুহাম্মদ কামাল হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গাজীপুর মহানগরীর বাসন থানা এবং টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলো—নীলফামারীর সৈয়দপুর থানার মুশরুত দুলিয়া সর্দারপাড়ার মো. মোস্তাকিম ইসলাম (২০) এবং একই এলাকার মো. জুয়েল ইসলাম (২৬)। 

গ্রেফতারকৃতদের কাছ থেকে জাল ভিসা প্রদান করে আদায়কৃত নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা, চারটি সেলফোন, প্রতারণার অর্থ দিয়ে কেনা সোনার চেইন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে কানাডার জাল ভিসা প্রস্তুত করে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে মোস্তাকিম ও জুয়েল। 

নিজেদের কৌশল সম্পর্কে তারা জানায়, প্রথমে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে কানাডার ভিসা সম্পর্কে লোভনীয় অফার দেয়া হয়। অনেকে ওই বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করে। প্রতারক চক্রটি বিদেশী নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করত। কানাডায় ভিসাপ্রাপ্তির জন্য যোগাযোগকারীদের প্রতারকচক্র তাদের নিজস্ব ভুয়া ওয়েবসাইটের ঠিকানা দিত। বলা হতো, এর মাধ্যমে কানাডায় যেতে আগ্রহীরা আবেদন করতে পারেন। কিন্তু ওয়েবসাইটটি চক্রটির নিজেদের নিয়ন্ত্রিত হওয়ায় তারা ওয়েবে সব ঠিকঠাক দেখিয়ে আগ্রহীদের বিশ্বাস অর্জন করত। এতে করে লোকজন ভাবত, তাদের ভিসা কনফার্ম হয়েছে। পরে প্রতারক চক্রটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জাল ভিসার ছবি দেখিয়ে ও নানাভাবে প্রতারণার মাধ্যম মানুষের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিত। 

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের আরো কয়েক সহযোগীর নাম জানিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।