বান্দরবান জেলা শহরতলী ইসলামপুরে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া আবারো পাহাড় কেটেছে পৌর কর্তৃপক্ষ।
এ সময় পাহাড় ধসে মাটিসহ একটি এক্সক্যাভেটর মেশিন সড়কসংলগ্ন খাদে পড়ে যায়।
গত শনিবার দুপুরে বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ইসলামপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক্সক্যাভেটর ও ডাম্পার ট্রাকচালক আহত হন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ইসলামপুরে পাহাড় কাটাসংক্রান্ত প্রতিবেদন আজ দেয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়।
স্থানীয় সূত্র জানায়, ইসলামপুর এলাকায় সড়ক নির্মাণ করা হয়েছে সাঙ্গু নদের তীর ঘেঁষে।
গত সপ্তাহে বান্দরবানে হওয়া এক ভারি বৃষ্টিতে জেলা শহরতলী লাঙ্গেপাড়া সড়কের ইসলামপুর অংশে পাহাড়ের মাটি ধসে পড়ে।
এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সম্প্রতি সড়কের ওপর পড়া মাটি সরানোর নামে নতুন করে পাহাড় কাটার কাজ শুরু করে বান্দরবান পৌরসভা।
এ সময় পাহাড় ধসে এক্সক্যাভেটর মেশিনটিও খাদে পড়ে যায়।
বান্দরবান পৌরসভার প্রকৌশল শাখা জানায়, ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় ৫ কোটি টাকা ব্যয়ে লাঙ্গেপাড়া সড়ক নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে।
গত সপ্তাহে হওয়া ভারি বৃষ্টিতে সড়কটির ইসলামপুর অংশে প্রায় ২০০ ফুট সড়ক দু-তিন ফুট নিচে দেবে যায়।
এ পরিপ্রেক্ষিতে ঠিকাদারের মাধ্যমে দেবে যাওয়া অংশটুকু মাটি দিয়ে সমান করে ইট বিছিয়ে মানুষ ও যান চলাচল উপযোগী করার উদ্যোগ নেয় বান্দরবান পৌরসভা।
গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, দুই বছর আগে প্রায় ১০০ ফুট উঁচু পাহাড়টিকে খাড়াভাবে কেটে এ সড়ক তৈরি করা হয়।
গত বছর থেকে লাঙ্গেপাড়া সড়কটিতে আরসিসি পাকা সড়ক নির্মাণকাজ শুরু করে বান্দরবান পৌরসভা।
গত বৃহস্পতিবার থেকে দেবে যাওয়া সড়ক মেরামত ও ধসে পড়া মাটি সরানো ও নতুনভাবে পাহাড় কাটার কাজ শুরু করে ঠিকাদারের লোকজন।
গত শনিবার দুপুর ১২টার দিকে একটি মিনি এক্সক্যাভেটর মেশিন দিয়ে পাহাড়টির এক-চতুর্থাশ ওপরে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা।
এ সময় হঠাৎ পাহাড় ধসে মাটির সঙ্গে অন্তত ১৫ ফুট নিচে পড়ে যায় এক্সক্যাভেটর মেশিনটি।
এটি পৌরসভার কাজ বলে স্বীকার করেছেন বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম রেজা।
তিনি বণিক বার্তাকে বলেন, যতটুকু স্লোভ করার কথা, ততটুকু স্লোভ না করায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
পরিবেশ অধিদপ্তর বান্দরবানের পরিদর্শক মো. আব্দুছ ছালাম গতকাল বিকালে বণিক বার্তাকে বলেন, ধসের পর পাহাড় কাটা বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ইসলামপুরে পাহাড় কাটাসংক্রান্ত প্রতিবেদন আজ দেয়া হবে বলে জানান তিনি।









