ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। সংগঠনটি জানায়, এ নির্দেশনার ফলে সংবাদিকদের নির্বাচনী দায়িত্ব পালন কার্যত অসম্ভব হয়ে পড়বে, যা স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিজেসি জানায়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অপরিহার্য। ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতি এবং তাৎক্ষণিক তথ্য সংগ্রহে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মোবাইল ফোন নিষিদ্ধ করা হলে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও দ্রুত প্রতিবেদন প্রচার ব্যাহত হবে।

বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের নির্দেশনা গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের শামিল এবং এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে। স্বাধীন গণমাধ্যম ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এ বাস্তবতা নির্বাচন কমিশনের অনুধাবন করা প্রয়োজন।

বিজেসির মতে, এ নির্দেশনা কেবল সাংবাদিকদের জন্য নয়, ভোটারদের জন্যও সমস্যার সৃষ্টি করতে পারে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ থাকলে ভোটাররা ভোট দিতে যেতে নিরুৎসাহিত হতে পারেন।

এ প্রেক্ষাপটে বিজেসি অবিলম্বে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।