ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করছে। শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতাররা হলেন সিবিয়ন দিও এবং সঞ্জয় চিসিম।
এ ছাড়া র্যাব কর্তৃক সন্দেহভাজন মো. আব্দুল হান্নান নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কতিপয় দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে এরই মধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ।
ঘটনার তদন্তে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিম ওসমান হাদিকে খুব কাছে থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং শনাক্ত সন্দেহভাজনদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তা এখনো চলমান রয়েছে। সন্দেভাজনরা যেন সীমান্ত পার হতে না পারে সেজন্য তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজনদের গ্রেফতারে সহযোগিতায় তথ্য প্রদানকারীর জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে সরকার।
এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।










