৪৬তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার পরিবর্ধিত ফলাফল পুনরায় প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (১৮ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এর ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের জন্য নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরো সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নতুন সিদ্ধান্তে আরো ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করা হয়েছে। এ নিয়ে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা এখন বেড়ে ২১ হাজার ৩৯৭ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, সর্বনিম্ন নম্বরের একাধিক প্রার্থী থাকায় সমসংখ্যক প্রার্থীর তুলনায় কিছু বেশি প্রার্থীকে নির্বাচিত করতে হয়েছে।
পিএসসি আরো জানিয়েছে, ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধন প্রয়োজন হলে তা করার অধিকার কমিশন সংরক্ষণ করে।
উল্লেখ্য, ফলাফলের বিস্তারিত তথ্য পিএসসির নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ পাওয়া যাবে।










