রাজশাহীর দুর্গাপুরে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নয়ন হোসেন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের বর্ধনপুর আজিজের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন বর্ধনপুর পূর্বপাড়া এলাকার আলতাফ হোসেন মোল্লার ছেলে। দুর্ঘটনার পর ভটভটি ফেলে পালিয়েছেন এর চালক। পরে সেটি জব্দ করে থানায় নিয়েছে দুর্গাপুর পুলিশ।

দুর্গাপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আরিফ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেলযোগে চাচার মাছের খামারে যাচ্ছিলেন নয়ন। পথে বর্ধনপুর আজিজের মোড়ে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান নয়ন।

 খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

এসআই জাহাঙ্গীর আরো জানান, এ নিয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পলাতক ভটভটিচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।