জুলাই সনদ স্বাক্ষরের দুই দিন আগে সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এতে অংশ নিয়েছেন বিএনপি, এনসিপি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক দলগুলো সনদে সই করবে কি না, সে বিষয়ে এবং প্রয়োজনে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বৈঠকে আবার আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশনের একটি সূত্র।
এদিকে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান সামনে রেখে আজ বিকালে যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে কমিশনের পক্ষে সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
পাশাপাশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।










