বিয়ে বাড়ি মানেই আনন্দ, উল্লাস, বিয়ের বাজার, নববধূ দেখাসহ কত হৈ–হুল্লোড়। তবে রাজবাড়ীতে এক বিয়ের সেই আনন্দকে কেড়ে নিয়েছে সড়ক দুর্ঘটনা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি যাওয়ার পথে মাটিবাহী ট্রাকচাপায় দুই ভাই নিহত হয়েছে। এতে বিয়ে বাড়ি মুহূর্তেই শোকে পরিণত হয়। বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া বারোটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মোকবুলের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।
নিহতদের পিতা মোকসেদ আলী সরদার বলেন, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ছিলো মেঝ ছেলে শামিমের বিবাহ। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে আসছিলেন বড় ছেলে মমিন। বেশি রাত হওয়ায় ছোট ছেলে সুমন দৌলতদিয়া ঘাট থেকে আনতে যায়। তারা দুই ভাই দৌলতদিয়া ঘাট থেকে বাড়ি আসার পথে মোকবুলের দোকান এলাকায় আসলে মাটিবাহি একটি ট্রাক চাপা দেয়। এতে দুই ভাই একসঙ্গে মারা যায়।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে।










