বাংলাদেশ সচিবালয়ের ১ নং গেটের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ের সামনে এমন ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটার দিক থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে ৩০ মিনিটের মতো ছিলেন। পরে শিক্ষা ভবনের দিকে তারা চলে যান। সেখানে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বেলা ৪টা ৩০ মিনিটে সাক্ষাতের কথা ছিল। বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

তবে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে শাহবাগ থানার অফিসার ইন-চার্জ মনসুর খালিদ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাইম ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী সচিবালয় ভবন ঘেরাও করে। এক পর্যায়ে তারা প্রবেশদ্বার টেনে অফিসে প্রবেশের চেষ্টা করে এবং কেউ কেউ দেয়ালে উঠতেও চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে দেয়।