অসাম্প্রদায়িকতা হবে বাংলাদেশের মূল ভিত্তি এমন মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এ জন্য সব মানুষকে নিয়ে অগ্রসর হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে অসাম্প্রদায়িকতা হবে বাংলাদেশের মূল ভিত্তি।

শুক্রবার (২৬ জানুয়ারি) বান্দরবান জেলা সদরের উজানী পাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারের ধর্মীয় প্রাঙ্গনে অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ভুক্ত সংস্থা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৩য় পর্যায়ের আয়োজনে শিক্ষক কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়। এতে তিন পার্বত্য জেলাসহ দেশের অন্যান্য জেলার ৪০০ জন শিক্ষক অংশ নেয় বলে সমাবেশে জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, প্যাগোডাভিত্তিক শিক্ষা প্রকল্পের মতো একাধিক প্রকল্প বর্তমান সরকারের আমলে শুরু হয়েছে। নিরক্ষরতার অভিশাপ যাতে না থাকে সে লক্ষ্যে এ প্রকল্প নেয়া হয়েছে। এটি একটি অসাধারণ প্রকল্প। এ প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ প্রাপ্য।

তিনি বলেন, আপনার সন্তানকে শিক্ষার পরবর্তী ধাপে নিয়ে যেতে হবে। আপনার সন্তান শিক্ষিত হলে আপনি সম্মান পান। আর সুখ পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানের সময় পাহাড় কাটা, নদী দূষণের কুফলসহ জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব সম্পর্কে জ্ঞানদান করতে শিক্ষকদের প্রতি আহবান জানান বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা আওয়ামী লীগের নেতা হ্লাথোয়াইহ্রী মারমা প্রমুখ।