সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২২৯ শিশুর হাম শনাক্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ১১ শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫ জন, ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২০৯ শিশু।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের ১ হাজার ৫৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৭৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬৮ জন ঢাকা বিভাগের।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৫৫৪ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৫০ জন শিশু ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৬০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ২০ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ সময়ের মধ্যে ৪ হাজার ৪৬০ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৭ হাজার ৮১ জন রোগী।










