চিকিৎসা নিতে আসা দুই মাসের শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৯টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ হাসপাতালের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে এক নারীকে শনাক্ত করেছে। চুরি যাওয়া শিশু তাইবার মা শিমা বেগমের বাড়ি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাছপাড়া মহল্লায়। ওই এলাকার মো. তৌফিজ মোল্লার স্ত্রী তিনি।

শিমা বেগম জানান, ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসা নেয়ার জন্য শিশুকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেছিলাম। চিকিৎসা নেয়ার পর হাসপাতালের বাইরে দাঁড়ালে অজ্ঞাত এক নারী আমার সন্তানকে দেখার জন্য আমার কাছ থেকে নেয়। তার কাছে সন্তানকে রেখে ৫ মিনিট পর  ফিরে এসে দেখি সেই নারী এবং আমার শিশুকন্যা সেখানে নেই।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ভিডিও ফুটেজে অজ্ঞাত ওই নারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করতে পারব।