সুন্দরবন থেকে ট্রলার, হরিণ শিকারের ফাঁদসহ সাত হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার (১৫ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারন্য এলাকার পক্ষির চর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে।এসময় ট্রলার তল্লাশি করে দুইশ হাত ইলিশের জাল, দুইশ হাত নাইলনের তৈরি হরিণ শিকারের ফাঁদসহ কয়েককটি দা ও ছুরি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, পাথরঘাটা উপজেলার দক্ষিন চরদুয়ানী গ্রামের মুনসুর আলী বিশ্বাসের ছেলে ইব্রাহীম বিশ্বাস (৩৫), ইব্রাহিমের ছেলে মো. ইউনুচ (১৮), একই গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. মোস্তফা (৩০), একই সায়রাবাদ গ্রামের আ. হকের ছেলে শুকুর আলী (১৯), উত্তর কাঠালতলী গ্রামের আ. হামিদের ছেলে ইলিয়াস (৩০), তালুকর চরদুয়ানী গ্রামের হাবিব মোল্লার ছেলে রাজু (২৫) ও মঠবাড়িয়া উপজেলার নলি গ্রামের আ. ছালাম কাজির ছেলে জাকির কাজি (৩৫)।

বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পক্ষীরচর এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ সাত হরিণ শিকারিকে আটক করা হয়েছে।

সুন্দরবন থেকে আটককৃত শিকারিদের নিয়ে বনরক্ষীরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামীকাল সকাল নাগাদ মামলা দায়ের পূর্বক তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান এই কর্মকর্তা।