কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনায় হাসপাতালের অবকাঠামো কিংবা যানবাহনসহ অন্যান্য ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য দেশের সব সরকারি হাসপাতালে সংস্থাটি চিঠি দিয়েছে।

 

সোমবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষর করা চিঠিতে ‘‌কোটা বিরোধী আন্দোলনে’ ক্ষয়ক্ষতির বিবরণ জানতে চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, কোটা বিরোধী আন্দোলনে ক্ষয়ক্ষতির বিবরণ, আর্থিক মূল্য ও মেরামতের প্রাক্কলন বিষয় সম্পর্কে জানানো যাচ্ছে যে আপনার অধীনস্থ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা অ্যাম্বুলেন্সের ক্ষয়ক্ষতির বিবরণ, আর্থিক মূল্য ও মেরামতের প্রাক্কলন আগামী দুই কর্মদিবসের মধ্যে বিনা ব্যর্থতায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, এখন পর্যন্ত হাসপাতালে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এমন কোনো খবর আমরা পাইনি। তবে আমরা দেখেছি অনেক অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক বিষয়েই ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আমরা একটি চিঠি দিয়েছি। সবার উত্তর পেলে আমরা বলতে পারব প্রকৃত ক্ষতি কতটুকু হয়েছে বা না হয়েছে।