রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। সেটি এখন চিড়িয়াখানার ভেতরেই আছে। সিংহটিকে আটক করে পুনরায় খাঁচায় নেয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বণিক বার্তাকে বলেন, একটি সিংহ খাঁচা থেকে বের হয়েছে, কিন্তু সে এখনো চিড়িয়াখানার সীমানার ভেতরেই আছে। আমরা চেষ্টা করছি তাকে দ্রুত আটক করে খাঁচায় ফেরানোর।

সিংহটি কীভাবে বেরিয়ে গেল এ প্রশ্নে তিনি বলেন, এটা এখনই বলতে পারছি না। সিংহটি তার খাঁচার আশপাশেই আছে, তাই খাঁচাও দেখতে পারিনি এখনো।

এ ঘটনায় কোনো হতাহত বা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এখন ভেতরে আর কোনো মানুষ নেই। কোনো হতাহত বা আতঙ্কের বিষয়ও নেই। আমরা অর্থাৎ শুধু চিড়িয়াখানার অফিসার-কর্মকর্তারাই এখন ভেতরে আছি।